ভিনিসিয়ুসের প্রতি বর্ণবাদী আচরণে ক্ষুব্ধ ইনফান্তিনো, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান

Any Akter
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ন, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৪:১৯ পূর্বাহ্ন, ২০ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগে বেনফিকা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার ম্যাচে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের প্রতি বর্ণবাদী আচরণের অভিযোগ ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফিফার দেওয়া এক বিবৃতিতে তিনি ঘটনাটিকে ‘মর্মান্তিক’ বলে অভিহিত করেন।

বিবৃতিতে ইনফান্তিনো বলেন, ‘বেনফিকা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রের প্রতি বর্ণবাদী আচরণের অভিযোগে আমি স্তম্ভিত ও মর্মাহত।’

আরও পড়ুন: ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

ক্রীড়াঙ্গনে বর্ণবাদের কোনো স্থান নেই উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের খেলাধুলা ও সমাজে বর্ণবাদের কোনো সুযোগ নেই। এই পরিস্থিতির সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।’

খেলোয়াড় ও কর্মকর্তাদের সুরক্ষা নিশ্চিত করতে ফিফার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ইনফান্তিনো আরও বলেন, ‘ফিফার “গ্লোবাল স্ট্যান্ড অ্যাগেইনস্ট রেসিজম” এবং “প্লেয়ার্স ভয়েস প্যানেল”-এর মাধ্যমে আমরা খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের সম্মান ও সুরক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা যথাযথ পদক্ষেপ নিতে প্রস্তুত।’

আরও পড়ুন: পাকিস্তানকে উড়িয়ে সুপার এইটে ভারত

ভিনিসিয়ুস জুনিয়র ও বর্ণবাদের শিকার হওয়া সবার প্রতি সংহতি জানিয়ে তিনি বলেন, ‘ফিফা এবং ফুটবল বিশ্ব বর্ণবাদ ও যেকোনো ধরনের বৈষম্যের শিকার হওয়া ব্যক্তিদের সঙ্গে সংহতি প্রকাশ করছে। আমি আবারও বলবো—বর্ণবাদকে না বলুন, সব ধরনের বৈষম্যকে না বলুন।’

উল্লেখ্য, ভিনিসিয়ুস জুনিয়র অতীতেও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন। সাম্প্রতিক এই ঘটনাকে ঘিরে ফুটবল বিশ্বে নতুন করে আলোচনা শুরু হয়েছে।